Image
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেসির মতে বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার যিনি

মেসির মতে বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার যিনি

ক্লাব ক্যারিয়ারের লম্বা সময় বার্সেলোনায় খেলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইউরোপের ছায়া মাড়িয়ে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিকে ঠিকানা বানিয়েছেন। ক্যারিয়ারের চূড়ান্ত সময়ে থাকলেও এখনও তাকেই অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। তবে মাঠ মাতাতে শুরু করেছে নতুন প্রজন্ম। তাদের মধ্যে থেকে সেরা ফুটবলার বেছে নিয়েছেন মেসি।


মেসির মতো স্প্যানিশ বিষ্ময়বালক লামিনে ইয়ামালও লা মাসিয়া একাডেমির গ্র্যাজুয়েট হিসেবে বার্সেলোনার মূল দলে যোগ দেন। কাতালানদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ইতোমধ্যে তিনি ফুটবলাঙ্গনে সাড়া ফেলে দিয়েছেন। ক্লাবটিতে মেসির যোগ্য উত্তরসূরি হিসেবেও ভাবা হচ্ছে ইয়ামালকে। আলবিসেলেস্তে তারকাও বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার হিসেবে এই তরুণের নামই উল্লেখ করেছেন।

সর্বোচ্চ আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির বর্তমান বয়স ৩৭ বছর। ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলারও সম্ভাবনা রয়েছে তার। যদিও ২০২২ বিশ্বকাপ জিতে তিনি ক্যারিয়ারে সকল প্রাপ্তির পূর্ণতা দিয়েছেন। অন্যদিকে, তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও আছেন একই অবস্থানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার বয়স দাঁড়াবে ৪০–এ। তবে এখনও বয়সকে থোড়াই কেয়ার করা এই পর্তুগিজ সুপারস্টার সমানতালে গোল ও অ্যাসিস্টে অবদান রেখে চলেছেন। দীর্ঘ সময় মেসি-রোনালদোর মাঝে কে সেরা সেই বিতর্ক চলেছে। তারা দুজনই ফর্মের বিচারে বারবার উসকে দিয়েছেন সেই বিতর্ক।

চিত্র
মেসি–রোনালদো অধ্যায় প্রায় শেষের পথে। ফলে ফুটবলবিশ্ব নতুন মহাতারকা হিসেবে নতুন কাউকে চায়। পারফরম্যান্স দিয়ে সেই দৌড়ে অনেকেই আছেন। তেমনই এক প্রশ্ন উঠেছিল মেসির সামনে। ফুটবল সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের এক অনুষ্ঠানে গোক ওয়েইও’র প্রশ্নের জবাবে মেসি বলেন, ‘তরুণ ফুটবলারদের দারুণ একটি প্রজন্ম আছে, যাদের সামনে পড়ে রয়েছে লম্বা সময়। যদি আমি কাউকে বেছে নিতে চাই, বয়স ও ভবিষ্যৎ বিবেচনায় একজনের নামই আমি শুনে আসছি, লামিনে ইয়ামাল। তার ব্যাপারে আমারও কোনো দ্বিধা নেই।’

আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, ‘এটা (বিশ্বসেরা ফুটবলার হওয়া) তার ওপর এবং আরও অনেক কিছুর ওপর নির্ভর করছে। কারণ, ফুটবল এমনই। কিন্তু সে–ই (ফুটবলের) বর্তমান এবং নিঃসন্দেহে দারুণ ভবিষ্যৎ তার সামনে।’ একইভাবে বার্সেলোনার প্রতিও নিজের ভালোবাসা প্রকাশ করেছেন মেসি, ‘আমি বার্সাকে লা লিগা, কোপা দেল রে, এমনকি চ্যাম্পিয়নস লিগও আবার জিততে দেখতে চাই। যে বছরগুলোতে সেটা করা সম্ভব হবে না, তখন তারা যেন অন্তত লড়াইটুকু করে।’

প্রসঙ্গত, লামিনে ইয়ামাল ইতোমধ্যে বেশ কয়েকটি ইতিহাসে তার নাম তুলেছেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের হয়ে লা লিগা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার ইতিহাস গড়েন। ২০২৪ সালে মর্যাদাপূর্ণ ‘গোল্ডন বয়’ পুরস্কারও জিতেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

মন্তব্য / প্রেরক

সিরাজগঞ্জের সলঙ্গাতে দবিরগঞ্জে প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গাতে দবিরগঞ্জে প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ফটো: প্রতিনিধি

নারী ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতে সিরাজগঞ্জের সলঙ্গায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দবিরগঞ্জ ফুটবল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে মুখোমুখি হয় সিরাজগঞ্জ নারী ফুটবল একাদশ ও ঢাকা নারী ফুটবল একাদশ।খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে তোলেন।তাদের নৈপুণ্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে মাঠে ভীড় করেন বিপুলসংখ্যক দর্শক ও দুই দলের সমর্থকরা।এ সময় উপস্থিত অতিথিরাও নারী ফুটবলারদের প্রাণবন্ত পারফরম্যান্স উপভোগ করেন।


টুর্নামেন্টে সভাপতিত্ব করেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার তৌহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম.আকবর আলী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ,হেলাল সরকার, বেলাল হোসেন,সাংবাদিক সুলতান মাহমুদ,আব্দুল আলীম,আরিফুল ইসলাম আরিফ,মাসুদ রানাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নারী ফুটবলের বিকাশ,তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত অতিথিরা।

 

 

মন্তব্য / প্রেরক

ইংল্যান্ড বনাম পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রীতি ম্যাচ ৯ জানুয়ারি । পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইংল্যান্ড বনাম পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রীতি ম্যাচ ৯ জানুয়ারি । পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফটো: প্রতিনিধি


জয়পুরহাটের পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে ইংল্যান্ডের লন্ডন সোনালী অতীত ফুটবল ক্লাবের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ৯ জানুয়ারি ২০২৭, শনিবার দুই দলের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আয়োজনকে সফল করতে বুধবার দুপুরে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে ফুড সোসাইটি মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

সাবেক ফুটবলার ভরত প্রসাদ গোয়ালার সভাপতিত্বে ও মিজানুর রহমান মিজানের  সঞ্চালনায়  সভায় বক্তব্য রাখেন  বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল।

সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল তরফদার রুকু, পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, পৌর প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক আহসান হাবিব, এনজিও বন্ধনের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মো. তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রু এবং সংগঠনের সদস্যসচিব মো. মেহেদী হাসান অর্নবসহ সাবেক ফুটবলার উপস্থিত ছিলেন। 

সভায় আগামী দিনের এ প্রীতি ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডলকে আহ্বায়ক এবং সাবেক ফুটবলার ভরত প্রসাদ গোয়ালাকে যুগ্ম আহ্বায়ক করে একটি প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, দুই দেশের সাবেক ফুটবলারদের এ মিলনমেলা পাঁচবিবির ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।

মন্তব্য / প্রেরক

বিরামপুরে আদিবাসীদের আন্ত:জেলা ফুটবল টুর্ণামেন্ট শুরু

বিরামপুরে আদিবাসীদের আন্ত:জেলা ফুটবল টুর্ণামেন্ট শুরু
ফটো: প্রতিনিধি

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরসহ ৭ জেলার আদিবাসী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠি) খেলোয়াড়দের নিয়ে বিরামপুরে শুরু হয়েছে আদিবাসী ফুটবল টুর্ণামেন্ট।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার আদিবাসী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাঁওতাল)) অধ্যুসিত খানপুর ইউনিয়নের সোনাজুড়ি মাঠে ১৬ দলের এ আস্ত:জেলা ফুঠবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, দিনাজপুর ধর্মপ্রদেশের ডিডি ডক্টর বিশপ সেবাস্টিয়ান টুডু। এসময় তার সাথে ছিলেন, আয়োজক ফ্রেন্ডশীপ যুব সংগঠণের সভাপতি সামশন হেম্ব্রম, কাউনিয়ার সাব-রেজিষ্ট্রার বার্নার্ড মার্ডী, খাঁনপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, সাপ্তাহিক বিরামপুর বার্তার সম্পাদক (ভার:) আব্দুল কুদ্দুস, খাঁনপুর ইউনিয়ন পারগানা সামুয়েল মার্ডী, ইউপি সদস্য ফ্লাবিয়াস হেম্ব্রম, শীতলী রাণী পাহান এবং আদিবাসীদের শীর্ষ নেতৃবৃন্দ।


দু’দিন ব্যাপী এ টুর্ণামেন্টে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, জয়পুরহাট, নওগাঁ ও স্বাগতিক দিনাজপুর জেলার ১৬টি দল অংশ গ্রহণ করছে। প্রথম খেলা টাইব্রেকারের মাধ্যমে শেষ হয়েছে। এতে রাজশাহী এসবি দলকে টাইব্রেকারে পরাজিত করে নবাগঞ্জের ডন বস্কো একাডেমি জয়লাভ করেছে।

মন্তব্য / প্রেরক

দাউদপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে মরহুমা জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের

দাউদপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে মরহুমা জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের
ফটোঃ প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেনের মাতা স্মরণে “মরহুমা জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দাউদপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত অধ্যক্ষ মো.বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো তরিকুল ইসলামের উপস্থিতিতে অত্র কলেজের মাঠে বর্ণাঢ্য পরিবেশে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি এগোভেটের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিছুর রহমান আনিছসহ আরো উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খাইরুল ইসলাম, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।উদ্বোধনী খেলার ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন মো. নাহিদ হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, ফুটবল বাংলাদেশের মানুষের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলাকে আরও এগিয়ে নিতে এবং তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার চর্চা বাড়াতে এ ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী দিনে রোজা ফুটবল একাডেমিকে ০২-০৩ গোলে হারিয়ে ধরঞ্জী খেলোয়াড় কল্যাণ একাদশ বিজয় অর্জন করে। এ খেলায় স্থানীয় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মন্তব্য / প্রেরক

সাথে সংযুক্ত থাকুন

নিউজলেটার

নিউজলেটার বিবরণ

আর্কাইভ

please_select_a_date